, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

সেন্টমার্টিন যেতে কত টাকা লাগবে?

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় নয় মাসের বিরতি শেষে আবারও পর্যটকদের জন্য খুলেছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার প্রথম দিনেই ৮৩৭ জন পর্যটক দ্বীপটিতে পৌঁছেছেন। তাদের আগমনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে দ্বীপের পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে এমভি বার আউলিয়া। প্রায় ছয় ঘণ্টার সমুদ্রপথ পাড়ি দিয়ে দুপুর দেড়টার দিকে জাহাজটি দ্বীপের জেটিঘাটে পৌঁছায়। সেখানে পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

দীর্ঘদিন পর্যটক না থাকায় দ্বীপের হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে তা কাটার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সেন্টমার্টিন যেতে খরচ কত?

সেন্টমার্টিন ভ্রমণে যাতায়াতের প্রধান মাধ্যম পর্যটকবাহী জাহাজ। কক্সবাজার শহর থেকে নুনিয়ারছড়া জেটিঘাটে টমটমে যেতে ভাড়া লাগে প্রায় ১৫০ টাকা। সেখান থেকে জাহাজের টিকিটের দাম জনপ্রতি ৪ হাজার ২০০ টাকা।

দ্বীপে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট। সাধারণ মানের আবাসনে প্রতি রাতের ভাড়া ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। মাঝারি মানের হোটেলে ৪ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা এবং উন্নতমানের রিসোর্টে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

খাবারের জন্য সাধারণ রেস্তোরাঁয় প্রতি বেলায় জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা প্রয়োজন হতে পারে। সে হিসাবে তিন বেলার খাবারে দৈনিক ব্যয় দাঁড়ায় ৯০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া দ্বীপে স্থানীয় যাতায়াত ও ব্যক্তিগত খরচের জন্য আরও ৫০০ থেকে ১ হাজার টাকা বাজেট রাখতে হবে।

ভ্রমণে যেসব নিয়ম মানতে হবে

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপে বেশ কিছু বিধিনিষেধও কার্যকর রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ এবং প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিমসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডও নিষিদ্ধ।

জীবিকা ফেরার প্রত্যাশা স্থানীয়দের

দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় দ্বীপের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত অনেক মানুষ আর্থিক সংকটে পড়েছিলেন। নতুন মৌসুমে পর্যটকদের আগমন তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।

স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, পর্যটকদের নিয়মিত যাতায়াত শুরু হলে দ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তবে পর্যটন সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সরকারি বিধিনিষেধ মেনে চলার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত