কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের কবল থেকে জিম্মিদের উদ্ধারে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর এক সদস্য। নিহত সৈনিকের নাম তিতাস শেখ। এ ঘটনায় ৫৭ জন জিম্মিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আইএসপিআর সূত্রে জানা যায়, পাহাড়ের ভেতরে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখার তথ্য পেয়ে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানব পাচারকারীরা গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
এতে সেনাসদস্য তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পাশাপাশি মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি সশস্ত্র চক্র।
এদিকে, দায়িত্ব পালনকালে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাহিনী।
ইতি/
