চট্টগ্রামে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে নানা অনিয়মের অভিযোগে পরিচিত বেকারি প্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি খাদ্যপ্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শনিবার (৭ নভেম্বর) নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালনার সময় এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে ফুলকলিকে ৬ লাখ, শপিং ব্যাগ সুপারশপকে ৩ লাখ এবং কাহওয়া ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফুলকলির কারখানায় উৎপাদনের কাজে মেয়াদ ও লেবেলবিহীন বাটার ব্যবহারের পাশাপাশি ডালডায় পলিথিন ও ময়লা পাওয়া যায়। কারখানার মেঝে অপরিচ্ছন্ন ও পিচ্ছিল ছিল। খামি ও টোস্ট পাউডারে মাছির উপস্থিতি এবং খাদ্য সংরক্ষণের স্থানে তেলাপোকা দেখা যায়। চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহারের অভিযোগও উঠে আসে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অন্যদিকে, শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান প্রস্তুত, রান্নায় ময়লাযুক্ত তেল ব্যবহার এবং আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকার প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা, পচা মরিচ সংরক্ষণ এবং চর্মরোগে আক্রান্ত কর্মীকে মসলা তৈরির কাজে নিয়োজিত রাখার বিষয়টিও অভিযানে উঠে আসে।
কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ খামি, খোলা ডাস্টবিন এবং পচা বিটরুট পাওয়া যায়। এ ছাড়া ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
শনিবার এসব প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, ফুলকলি ও শপিং ব্যাগ সুপারশপকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় মোট ৯ লাখ টাকা এবং কাহওয়া ক্যাফেকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এসব ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের গুরুত্ব আবারও সামনে এসেছে।
ইতি/
