, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 65%

আগ্রাবাদে উদ্বোধন হলো আধুনিক জাম্বুরি খেলার মাঠ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে উদ্বোধন করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাম্বুরি খেলার মাঠ। প্রায় ৯২ দশমিক ৫ কাঠা জায়গার ওপর গড়ে তোলা মাঠটি শনিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

মাঠটির উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সালের ২৭ নভেম্বর মাঠটির উন্নয়নকাজ শুরু হয়।

মাঠে খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর পাশাপাশি দর্শকদের বসার গ্যালারি, ড্রেসিং রুম, শৌচাগার ও হাঁটার পথ তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে ফ্লাডলাইট ও নিরাপত্তাবেষ্টনী স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১১টি মাঠ প্রস্তুত হয়েছে। পর্যায়ক্রমে মাঠের সংখ্যা ৮২টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ ও বিনোদনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে শুধু সচেতনতামূলক বক্তব্য নয়, খেলাধুলার পর্যাপ্ত সুযোগও তৈরি করতে হবে।

চসিক প্রশাসক জানান, আগ্রাবাদের এই জায়গাটি বাণিজ্যিকভাবে ব্যবহার করলে বিপুল অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব ছিল। তবে নগরবাসীর স্বার্থ বিবেচনায় জায়গাটি খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ নভেম্বর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক পরিদর্শনে গিয়ে পার্কটি চালু এবং এর পাশের আবদ্ধ জায়গাকে খেলার মাঠে রূপান্তরের উদ্যোগের কথা জানিয়েছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে সংস্কারের মাধ্যমে ২০২৫ সালের ৬ ডিসেম্বর পার্কটি ‘ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক’ নামে পুনরায় চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত