চট্টগ্রাম নগরের জামালখান থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২৫টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় বিভিন্ন ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।
চসিকের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে জামালখান সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে চসিক।
