, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামে এসপির ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগে তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে তাঁকে আটক বা গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, আটকের তথ্য সঠিক নয়।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি জানান, একটি অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। তবে তাঁকে আটক করা হয়েছে কিংবা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে এমন খবরকে গুজব বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, তদন্তের আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল চট্টগ্রাম নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও দাবি করেছে সূত্রটি।

এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রাম আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

সব মিলিয়ে প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ, মোবাইল ফোন জব্দ এবং আটকের পরস্পরবিরোধী খবরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে তদন্তে কী তথ্য উঠে আসে এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটুকু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত