চট্টগ্রাম নগরীর সরকারি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে ১০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালনার পরিকল্পনার পাশাপাশি সীতাকুণ্ডে শ্রমিকদের জন্য হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের বৈঠকে এসব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, বৈঠকে বিদ্যমান রেলওয়ে হাসপাতালের অবকাঠামো ব্যবহার করে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে চট্টগ্রামের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেও বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা উঠে এসেছে বৈঠকে। সীতাকুণ্ড এলাকায় শ্রমিকদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে ট্রমা সেন্টার স্থাপনের বিষয়েও আলোচনা হয়। শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
সংশ্লিষ্ট পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবার এবং শিল্পকারখানার শ্রমিকেরা সরকারি চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
তবে এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, অবকাঠামোগত উন্নয়ন, অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইতি/
