Tuesday, June 23, 2026

রামগড়ে প্রায় দুই কোটি টাকার মাদ্রকদ্রব্য ধ্বংস করলো ৪৩ বিজিবি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্তে আটক হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবির ৪৩ ব্যাটালিয়ন। এ পথ দিয়ে আসা এসব মাদকদ্রব্য রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন বিওপি পরিচালিত অভিযানে আটক করা হয়।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে রামগড় বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ, ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, হাটহাজারী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার শোয়েব আহমেদ খান, রামগড় সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজিবি সুত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে অদ্যাবধি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে উদ্ধারকৃত ১ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭ হাজার ২শ ৫১ বোতল ভারতীয় মদ, ২শ ৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১ হাজার ৯শ ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ হাজার ৮শ ৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২০৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট।

মাদক পাচার বন্ধে সবার সহযোগিতা কামনা করে ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানাতে হবে। দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবি রামগড় ব্যাটালিয়নের এ ধারা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পঠিত