যানজট ভোগান্তির নাম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন স্কুলের গেট

নিজস্ব প্রতিবেদকঃ

 

নগরীর নিউমার্কেট এলাকার শাহ আমানত মার্কেট থেকে বহদ্দারহাট-কাপ্তাই রাস্তারমাথা রুটে চলা অটোটেম্পুর অনিয়মের কারনে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শির্ক্ষাথীদের প্রতিনিয়ত ভোগান্তি নিয়ে বাড়ি ফিরতে হয় বলে জানিয়েছেন অভিভাবকরা।

 

বৃহস্পতিবার (০৬জুন) সরেজমিনে দেখা যায় স্কুল ছুটি হলে শিক্ষার্থীদের অভিভাবকের লাইন স্কুল গেটের সামনে। রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে চলছে পান সিগারেট এবং কিছু পুরানো ইলেকট্রনিক্স পণ্য ঠিক করার দোকান। খালি অংশের একপাশ দখল করে রেখেছে শিক্ষার্থীদের নিতে আসা ব্যাক্তগিত গাড়িগুলো। গেট ঘেষে যাত্রির জন্য অপেক্ষা করছে কিছু রিক্সাও।

 

মোঃ আরমান হোসেন এর মেয়ে সপ্তম শ্রেনীতে পড়ে। নিযমিত মেয়েকে নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় বলে জানান। তিনি চট্টলার খবরকে বলেন, অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুলের শিক্ষার পরিবেশ ভাল হলেও বাইরে পরিবেশ খুব খারাপ। স্কুলের উত্তর দিকের ডাস্টবিনে ময়লার ভাগাড়, একদিকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে টেম্পুগুলো, অন্যদিকে রিক্সার জ্যাম। স্কুল ছুটির সময় টেম্পুগুলো যখন এলোমেলো গেটের সামনে দাঁড়িয়ে থাকে তখন চারদিকে আরো জ্যাম লেগে যায়। দেখার যেন কেউ নেই। তিনি আক্ষেপ করে বলেন, পরিবেশ দেখে মাঝে মাঝে ইচ্ছা হয় মেয়েকে অন্য কোন স্কুলে নিয়ে যাই।

 

বিষয়টি নিয়ে অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আবু তালেব বেলাল এর কাছে জানতে চাইলে তিনি চট্টলার খবরকে বলেন, আমাদের স্কুলের ভিতরের পরিবেশ ভাল, বাইরের চারদিকের পরিবেশ এবং যানজটের বিষয়গুলো আমি মাননীয় মেয়র মহোদয়, স্থানীয় কাউন্সিলর, ট্রাফিক বিভাগ এবং সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিতভাবে জানিয়েছি। ট্রাফিক বিভাগ এসে অভিযানও পরিচালনা করে। কিছুদিন পর আবার অনিয়ম গুলো দেখা যায়। অনেক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ জানান বলে জানিয়েছেন তিনি।স্কুলের বাইরের পরিবেশ ঠিক রাখতে হলে য়ে বিষয়গুলো নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন অধ্যক্ষ আবু তালেব বেলাল:

 

টেম্পু স্টেশন গুলো এখান থেকে সরিয়ে বিকল্প কোন মোড়ে গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা করা। স্কুল ঘেষে ময়লা রাখার ডাস্টবিনটি স্কুল থেকে দুরে কোথাও স্থান নিধারণ করে দেয়া। স্কুলের পাশ ঘেষে ফুটপাতের দোকানগুলো তুলে দিয়ে তাদের অন্য কোথাও বসার সুযোগ করে দেয়া। স্কুল ছুটির সময় গেটে গাড়ি না থামানোর ব্যবস্থা করা এবং নিয়মিত একজন ট্রাফিক পুলিশ সদস্য স্কুলের ছুটির সময় ডিউটিতে থাকা ইত্যাদি।

 

অপর্অপর্ণাচরণ-নিউমার্কেট-বহদ্দারহাট-কাপ্তাই রাস্তারমাথা রুটে চলা অটোটেম্পুর ড্রাইভার সুজন বলেন, আমাদের রুটে টেম্পুর ভাড়া কম, সহজে যাওয়া যায় তাই যাত্রীরা উঠার জন্য ভিড় করে। যাত্রীদের স্বার্থের কথা আগে চিন্তা করি আমরা। স্কুল গেটের সামনে আমরা যাত্রী তুলিনা।

 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম জেলার সভাপতি এয়ার মোহাম্মদ খোকনের সাথে কথা হলে তিনি বলেন, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জ্যাম করা টেম্পু চালকদের নিষেধাজ্ঞা আছে আমরা বিষয়টি প্রশাসনের নজরে দিব যাতে স্কুলের শিক্ষার্থী এবং অভিবাবকদের ভোগান্তি না হয়।

 

এই বিষয়ে ট্রাফিক দক্ষিণের টি আই এডমিন অনিল কুমার চাকমা চট্টলার খবরকে বলেন, আমরা অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুলের সামনে যাতে কোন গাড়ি যাত্রী উঠা নামা করতে না পারে সেই বিষয়ে অনেক বার বলেছি। কেউ কথা না শুনলে তার রিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করি এবং এটি আমরা চলমান রাখব।

 

[recent_tabs]