Tuesday, June 23, 2026

এস আলমের গাড়িকাণ্ডে সুফিয়ান-এনামসহ বিএনপির তিন নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদকঃ

মধ্যরাতে চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতাদের তদারকিতে এস আলম গ্রুপের মালিকানাধীন ১৪টি বিলাসবহুল গাড়ি একটি ওয়্যারহাউস থেকে একে একে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া।

(কি ঘটেছিল মধ্যরাতে)

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে একটি ওয়্যারহাউসের ভেতর থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন বিলাসবহুল ১৪টি দামি গাড়ি সরিয়ে নেওয়া হয়। এগুলোর মধ্যে আছে বিএমডব্লিউ, মার্সিডিজ ও অডি ব্যান্ডের গাড়িও।

একজন প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম প্রতিদিনকে জানান, অন্তত ১৫ জনের একটি দল এস আলম গ্রুপের ওয়্যারহাউসের সামনে আসে। একই সময়ে আরও তিনটি গাড়ি সেখানে পৌঁছায়। সেখান থেকে একে একে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলের শ্বশুর মীর গ্রুপের আবদুস সালাম বিএনপি নেতা এনামুল হক এনামের মামাতো ভাই।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ওই প্রত্যক্ষদর্শী জানান, একটি গাড়ি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের ড্রাইভার মনসুরকে নামতে দেখেছেন তিনি। সেই গাড়ির ভেতরে আবু সুফিয়ান বসে ছিলেন বলে তিনি ও উপস্থিত অন্যদের ধারণা। নইলে ওয়্যারহাউসে তার ড্রাইভারের আসার কথা নয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম প্রতিদিনকে জানান, কিছুক্ষণ পরই আমরা বুঝতে পারি শুরুর দিকে আসা ১৫ জনের পুরো দলটিই ছিল মূলত ড্রাইভার। কারণ তাদের একেকজনকে একেকটি গাড়ির চালকের আসনে বসানো হচ্ছিল। এভাবে আমরা অন্তত ১৪টি গাড়ি নিয়ে যেতে দেখেছি।

  • সর্বশেষ
  • পঠিত