কুমিল্লার চৌদ্দগ্রামে খাদ্য সহায়তা নিয়ে দুর্যোগকালীন সময়ে বন্যা দুর্গতদের পাশে ছিলো উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের সর্বস্তরের যুবসমাজ। এ সময় স্বেচ্ছাসেবীরা নিজ নিজ এলাকা থেকে বন্যা কবলিতদের উদ্ধার করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি করপাটি গ্রামের পক্ষ থেকে নিজ গ্রাম সহ আশেপাশের বন্যা কবলিত গ্রামে রান্না করা খাবার, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে গত শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত করপাটি গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ধারাবাহিকভাবে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ জন বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার (প্যাকেট বিরিয়ানী) বিতরণ করা সহ শুকনো খাবার, চাল-ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনে গ্রামের প্রবাসীরা সহ সমাজের বিত্তবানরা সার্বিকভাবে অর্থ সহযোগিতা করে পাশে ছিলেন।
করপাটি গ্রামের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থ সহায়তাকারী ও স্বেচ্ছাসেবী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগিরা। স্থানীয় সচেতন মহলের প্রশংসায় ভাসছেন করপাটি গ্রামের স্বেচ্ছাসেবীরা।