, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 90%

২০২৭ সালের হজ: প্রাথমিক নিবন্ধন শুরু

জেনে নিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) অ্যাকাউন্ট খুলে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।

সরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

এবারের হজে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু স্বাস্থ্যগত শর্তও নির্ধারণ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।

এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, গুরুতর স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী, যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীদেরও হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ দেওয়া হবে না।

এছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। হজে যেতে হলে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত