, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

দীর্ঘ বিরতির পর শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। প্রায় তিন সপ্তাহ পর আবারও পরীক্ষার হলে ফিরেছেন এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী। একই দিনে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) অনুষ্ঠিত হচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায়।

গত ১৬ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। সে অনুযায়ী বর্তমানে কার্যকর রুটিন অনুসারেই অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিতাদেশ জারির আগে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য পরবর্তীতে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে এ সময় দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এ পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত