, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

পতেঙ্গায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা ৪ বন্ধু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র সাইয়েদ মুনিপ আহমেদ শানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর সোমবার (১৭ আগস্ট) রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর শানের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান চালান।

পরে সোমবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শানের স্বজন ও চট্টগ্রাম মডেল স্কুলের হিসাবরক্ষক মো. ওমর হায়দার শাহেদ নিখোঁজ ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। শানের জেঠা যুক্তরাষ্ট্রপ্রবাসী ফোরকানও মঙ্গলবার সকালে মুঠোফোনে মরদেহ উদ্ধারের তথ্য জানান।

এ ঘটনায় শানের সঙ্গে থাকা চার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং শানের মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

শানের মৃত্যুর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনা—তা ময়নাতদন্ত ও তদন্তের পরই স্পষ্ট হবে।

বর্তমানে মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত