, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

নিজস্ব প্রতিবেদক

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় আপাতত কারামুক্ত হচ্ছেন না তিনি

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

আইনজীবী জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। ওই মামলাগুলোতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।

তবে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা চলমান থাকায় এই দুই মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না তিনি। আইনজীবীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহ ও হত্যার মামলাও রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও-মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় পরবর্তীতে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুরের পর ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় পরবর্তীতে একাধিক মামলা হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

ফলে আজকের দুই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার কারণে চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তির পথ আপাতত বন্ধ রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত