পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে জরুরি গ্যাসের চাহিদা পূরণে দরপত্র ছাড়াই ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিসের কাছ থেকে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি কেনা হবে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগও চুক্তিতে রাখা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সামনে উপস্থাপন করে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তৈরি ভূরাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আগস্ট মাসে দুই দফায় দরপত্র ছাড়াই মোট ২২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এর মধ্যে ৬ আগস্ট আট কার্গো এলএনজি এবং পরবর্তী সময়ে ১৯ আগস্ট সাতটি কোম্পানি থেকে আরও ১৪ কার্গো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময়ে জরুরি চাহিদা পূরণ ও বাজার স্থিতিশীল রাখতে ৫ হাজার টন এলপিজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশে গ্যাসের জরুরি চাহিদা মেটাতেই ধারাবাহিকভাবে এসব আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইতি/
