ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) সংলগ্ন একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্য ব্যক্তিরা পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে গেলেও মোবারককে আটক করা সম্ভব হয়।
অভিযানে তার কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো তরবারি, একটি স্টিলের হাতলযুক্ত দা, একটি কাঠের বাটযুক্ত দা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধারালো ধামা, একটি ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, টেস্টার মোবারক চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমন এবং মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের সহযোগী হিসেবে পুলিশের কাছে পরিচিত। তার বিরুদ্ধে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ইতি/
