নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায় অবৈধভাবে অবস্থান ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। থামেল এলাকার বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে বিদেশি নাগরিকদের বৈধ অনুমতি ছাড়া অবস্থানের তথ্য পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল ডি ভেদা ও হোটেল আল রহমানসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করা হয়। তারা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি-২৬-এর থামেল এলাকায় অবস্থান করছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহামুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), এমডি কেরামত আলী খান (৩০), শহীদুর রহমান (৩০), এমডি খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), এমডি মারুফ মৃধা (৪২) ও মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে আরও তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আটক ১০ জনকে কালিকাস্থানে অবস্থিত নেপালের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
ইতি/
