, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

নতুন পে স্কেলে পাঁচ ধাপে বাড়ছে পেনশন

নিজস্ব প্রতিবেদক

নবম জাতীয় বেতন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক নিট পেনশন পাঁচটি স্তরে বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে তুলনামূলক কম পেনশন পাওয়া দীর্ঘদিনের অবসরভোগীদের পেনশন বৃদ্ধির হার বেশি হবে।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সংশোধিত কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।

নতুন কাঠামো অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া একজন অবসরভোগী এখন ১৮ হাজার টাকা পাবেন।

যাঁরা বর্তমানে ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পান, তাঁদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য এই হার ৬৫ শতাংশ।

এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া অবসরভোগীদের পেনশন ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ বাড়ানো হবে।

ফলে নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির মাসিক পেনশন দাঁড়াবে ১৮ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য নির্ধারিত মাসিক পেনশন হবে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা বিবেচনায় নিয়েই স্তরভিত্তিক এই বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভা নবম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করে। নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতনও গ্রেডভেদে বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন পে স্কেলে সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য ‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থা পর্যায়ক্রমে চালুর পরিকল্পনাও রয়েছে। তবে ২০১৯ সালের আগের বেসামরিক অবসরভোগীদের তথ্যসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে এই ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত