, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের সবাই ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁদের মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আটজন এবং কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের একজন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে প্রায় দুই ঘণ্টা ধরে অপমান ও হেয় করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও উল্লেখ করা হয়েছে। একই ধরনের ঘটনা গত ২ সেপ্টেম্বরও ঘটেছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত ৯ শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তাঁদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত