, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চুয়েটের সংকট নিরসনে ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান প্রশাসনিক ও একাডেমিক অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক পাঠদান কার্যক্রম ফিরিয়ে আনতে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান দায়িত্ব হবে চুয়েটের বর্তমান সংকট পর্যালোচনা করে সমাধানের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করা।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানকে কমিটির সদস্য করা হয়েছে। ইউজিসির সংশ্লিষ্ট বিভাগের একজন সহকারী পরিচালক কমিটিকে দাপ্তরিক সহায়তা দেবেন।

কমিটিকে চুয়েটের সংকটের কারণ ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নথিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে চুয়েটে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে কমিটিটি গঠন করা হয়েছে।

তবে কমিটিতে চুয়েটের কোনো শিক্ষক বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় এ উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সংকট নিরসনে কমিটির সুপারিশ কী হয় এবং তার ভিত্তিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত