, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

সড়কে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা, বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরের জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নগরকে পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য করে তোলার উদ্যোগের অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারসামগ্রী সরিয়ে দেওয়া হয়।

সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র ব্যানার, পোস্টার ও বিলবোর্ড স্থাপনের কারণে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

অভিযানকালে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের সৌন্দর্য বজায় রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা প্রয়োজন। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি। নগরের সৌন্দর্য রক্ষা, জনদুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারসামগ্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত