চট্টগ্রামের বোয়ালখালীতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপন করা উচ্চতা প্রতিবন্ধক (হাইট ব্যারিয়ার) ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে পূর্ব কালুরঘাট–ভাণ্ডালজুড়ি সড়কের কালুরঘাট সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্দেশে গত ১৮ অক্টোবর উপজেলা প্রশাসন সড়কটিতে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন করে।
তবে স্থাপনের কয়েক দিনের মধ্যেই রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা প্রতিবন্ধকটি ভেঙে ফেলে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানিয়েছেন, প্রতিবন্ধক ভাঙার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কয়েক দিনের মধ্যে সড়কটিতে পুনরায় হাইট ব্যারিয়ার স্থাপন করা হবে।
ইতি/
