, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

সৌরবিদ্যুতে সবুজ বন্দরের পথে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরকে পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বন্দরে রূপান্তরের লক্ষ্যে ৮ দশমিক ৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের বিভিন্ন শেড, প্রশাসনিক ভবনের ছাদ ও অব্যবহৃত জায়গায় স্থাপন করা হবে সৌর প্যানেল।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় পাঁচ কোটি টাকা এবং ২০ বছরে মোট ১০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্ট হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনে বিপুলসংখ্যক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। ক্রেন, কনটেইনার পরিবহনের সরঞ্জাম ও বিভিন্ন যানবাহনের বড় অংশই জীবাশ্ম জ্বালানিনির্ভর। ফলে বন্দরের কার্যক্রমে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা যেমন বেশি, তেমনি কার্বন নিঃসরণ কমানোও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

বর্তমানে বন্দরে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ৭ থেকে ১৩ মেগাওয়াট। এ প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮ দশমিক ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দিনের বেলায় বন্দরের গড় চাহিদা প্রায় ৭ মেগাওয়াট হওয়ায় অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে।

প্রকল্প বাস্তবায়নে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর প্রকল্পটির রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। নভেম্বর থেকে সৌর প্যানেল স্থাপনের কাজ শুরুর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দিনের বেলায় সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে বন্দরের কার্যক্রম পরিচালিত হবে।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসা-যাওয়া করে। ভবিষ্যতে এসব জাহাজে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা গেলে বন্দরে অবস্থানকালে জাহাজের জেনারেটর চালানোর প্রয়োজন কমতে পারে। এতে জ্বালানি খরচের পাশাপাশি বায়ুদূষণও কমানোর সুযোগ তৈরি হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলমের মতে, বন্দরের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। তাঁর ধারণা, ভবিষ্যতে উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা যেতে পারে।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিনও বন্দরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ ব্যবহার করা গেলে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে রাখা এবং বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তরের পথ আরও সহজ হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হলে জাতীয় গ্রিডের ওপর বন্দরের চাপ কমবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে।

সব মিলিয়ে, সৌরবিদ্যুৎ প্রকল্পটি চট্টগ্রাম বন্দরের জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশগত প্রভাব হ্রাসের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে প্রকল্পের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে পরিকল্পিত উৎপাদনক্ষমতা অর্জন, কার্যকর রক্ষণাবেক্ষণ এবং উদ্বৃত্ত বিদ্যুতের যথাযথ ব্যবহারের ওপর।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত