বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এ খাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বৃহত্তম একক রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে। সময়ের সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাও বিস্তৃত হয়েছে।
স্পিকার বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইউএস ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিন দশক ধরে অ্যামচ্যাম বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
এবারের প্রদর্শনীতে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং, উৎপাদনশিল্প, শিক্ষা ও কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবন ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। উদ্বোধনী বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি সৈয়দ কামাল হোসেন।
পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। তিন দিনব্যাপী এ আয়োজন ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, অ্যামচ্যামের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইতি/
