কোর ব্যাংকিং সফটওয়্যারের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২০ নভেম্বর শুক্রবার রাত থেকে ২১ নভেম্বর শনিবার দুপুর পর্যন্ত টানা ১৫ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সেবা বন্ধ রাখবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত এ সেবা বিঘ্নিত থাকবে। সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট।
নির্ধারিত সময়ে ইবিএলের এটিএম, পয়েন্ট অব সেলস (পিওএস), ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন এবং ড্রপবক্স ব্যবহার করে লেনদেন করা যাবে না। একই সঙ্গে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ই-কমার্স এবং বিভিন্ন মাধ্যমে ডেবিট কার্ড ও ব্যাংক হিসাব-সংশ্লিষ্ট লেনদেন বন্ধ থাকবে।
এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং, স্কাইব্যাংকিং অ্যাপ, ইবিএল কানেক্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর, মিসড কল অ্যালার্ট, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং রেমিট্যান্স সেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে এ সময়ে ইবিএলের ইস্যু করা ক্রেডিট ও প্রিপেইড কার্ড দিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস টার্মিনালে লেনদেন করা যাবে। পাশাপাশি এসব কার্ড ব্যবহার করে ইবিএলের নিজস্ব পিওএসেও লেনদেনের সুযোগ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) আওতাধীন সেবা, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং সুইফটের মাধ্যমে লেনদেনও সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধা এড়াতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রাহকদের।
ইতি/
