পটিয়ায় শারীরিক প্রতিবন্ধীর সিএনজি চুরি

পটিয়া প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন সিএনজি অটোরিকশাটি চুরি হয়েছে। প্রতিবন্ধীর বাড়ি থেকে রাতের আঁধারে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া সিএনজি অটোরিকশার নাম্বার চট্টগ্রাম-থ-১৪-৭৩১৯। ইঞ্জিন নম্বর: AZZWKG04938 এবং চ্যাসিস নম্বর: MD2A27AY6KWG17427।

জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী জাহেদ উদ্দিন রানা ভিক্ষাবৃত্তি না করে সিএনজি চালিয়ে তার পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ করতেন। ১৬ নভেম্বর রাতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামে তাঁর বাড়ি থেকে সিএনজিটি চুরি হয়।

রানা শারীরিকভাবে অক্ষম হওয়ায় কোনো কাজ করতে পারেন না। তাঁর দু’টি পা অচল। অনেক কষ্টে এবং স্থানীয় বিত্তশালীদের সহযোগিতায় তাঁর বাবা কামাল উদ্দিন তাঁকে সিএনজিটি কিনে দেন। রানা ও তার বাবা মিলে সিএনজি চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন। তবে সিএনজিটি হারিয়ে পরিবারটি দিশেহারা।

স্থানীয়রা জানান, রানার মতো শারীরিক প্রতিবন্ধী এবং গরিব মানুষের প্রতি এমন অমানবিক আচরণ অত্যন্ত নিন্দনীয়। সিএনজি হারিয়ে রানা ও তাঁর পরিবার গভীর দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সিএনজিটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে প্রতিবন্ধীর পরিবারের প্রতি বিত্তবানদের মানবিক সহায়তার অনুরোধ করছি।”

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, “থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

[recent_tabs]