, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

দরজার চিরকুট টাঙিয়ে উধাও স্কালোনি!

নিজস্ব প্রতিবেদক

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে (Pujato) কয়েকদিনের ছুটি কাটিয়ে নীরবে জন্মস্থান ছেড়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিদায়ের আগে কাউকে কিছু না জানিয়ে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি ছোট্ট চিরকুট টাঙিয়ে রেখে যান তিনি। আর সেই বার্তাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) রাতে সবার অগোচরে পুজাতো ত্যাগ করেন স্কালোনি। বিদায়ের বিষয়টি জানাতে তিনি দরজায় একটি নোট লাগিয়ে লেখেন, “লিও গত রাতে চলে গেছে! আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।”

বিশ্বকাপজয়ী এই কোচের শহরে ফেরার খবর ছড়িয়ে পড়ার পর গত কয়েকদিন ধরে তার বাবা-মায়ের বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য সমর্থক। কেউ শুভেচ্ছা জানাতে, কেউ ছবি তুলতে, আবার কেউ অটোগ্রাফ নিতে সেখানে উপস্থিত হন। প্রায় তিন হাজার মানুষের ছোট্ট শহর পুজাতো যেন কয়েকদিনের জন্য উৎসবের নগরীতে পরিণত হয়েছিল।

স্থানীয়দের মতে, স্কালোনি প্রতিদিনই ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং সবার ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। তবে অতিরিক্ত ভিড় এড়াতে বিদায়ের সময় কাউকে না জানিয়েই শহর ছেড়ে যান তিনি।

স্কালোনি এখন কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে তিনি স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর পর পরবর্তী ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আবারও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ফিরবেন এই সফল কোচ।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর স্কালোনি দেশটির অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাই নিজ শহরে তার প্রতিটি আগমনই স্থানীয়দের কাছে উৎসবের আবহ তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি, তবে বিদায়ের অনন্য সেই চিরকুট ভক্তদের মনে রেখে গেল বিশেষ এক স্মৃতি।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত