, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 94%

এবার রিয়েলিটি শোতে জয়া!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন। আগামী ৩১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় চ্যানেলটিতে সম্প্রচার হবে এই বিশেষ পর্ব।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, পর্বটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অংশ নিয়ে প্রতিযোগীদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেন জয়া আহসান। পাশাপাশি তাদের জীবনের সংগ্রাম, স্বপ্ন ও সাফল্যের গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ মূলত নারীকেন্দ্রিক একটি রিয়েলিটি শো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ নারীরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের জীবনের সংগ্রামের গল্প তুলে ধরেন এবং বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের সাফল্যের গল্পকে সবার সামনে তুলে ধরা।

এদিকে বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। খ্যাতিমান নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটিতে জয়ার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।

বড় পর্দায় নতুন সিনেমার সাফল্যের মধ্যেই এবার ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শোতে জয়ার উপস্থিতি তার ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ফলে ৩১ জুলাইয়ের বিশেষ পর্বটি ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত