, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

দারুণ ছন্দে থাকা বাংলাদেশ পুরুষ ভলিবল দল সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে (৩-০) হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করায় আগামীকাল (২৯ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার পথে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে দলটি। লিগ পর্বে একমাত্র পরাজয় ছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এছাড়া উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় হরষিত বিশ্বাসের নেতৃত্বাধীন দল।

এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) বিশ্ব র‌্যাঙ্কিংয়েও। প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮তম। টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্যের সুবাদে সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৭৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের পর এটিই ছিল বাংলাদেশের প্রথম র‌্যাঙ্কিংভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। দীর্ঘদিন আন্তর্জাতিক র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিতে না পারায় এফআইভিবির র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে কাভা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ভলিবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে দলটি।

এবার ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো কাভা চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত