, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

বেবি পাউডার ঘিরে ক্যানসার বিতর্ক:

হাজারো মামলা নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকার সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে ট্যালকমভিত্তিক জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) বেবি পাউডার ব্যবহারে ক্যানসারের অভিযোগ ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতা নিষ্পত্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হাজারো মামলার সমঝোতার অংশ হিসেবে কোম্পানিটি প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬৮ হাজার কোটি টাকা) পরিশোধে সম্মত হয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তাদের ট্যালকমভিত্তিক বেবি পাউডারে অ্যাসবেস্টসের উপস্থিতি ছিল, যা দীর্ঘদিন ব্যবহারের ফলে কিছু ব্যবহারকারীর ওভেরিয়ান ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। তবে জনসন অ্যান্ড জনসন শুরু থেকেই দাবি করে আসছে, তাদের ট্যালকম পণ্য নিরাপদ এবং এতে অ্যাসবেস্টস নেই। কোম্পানিটি অভিযোগ অস্বীকার করলেও দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটাতে সমঝোতার উদ্যোগ নেয়।

মামলাগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রে দায়ের করা হয়। বাদীপক্ষের দাবি, ট্যালকম পাউডার দীর্ঘদিন ব্যবহারের কারণে তারা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কোম্পানির বক্তব্য, বৈজ্ঞানিক গবেষণায় তাদের পণ্যের সঙ্গে ক্যানসারের সরাসরি সম্পর্ক নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

এর আগে জনসন অ্যান্ড জনসন তিন দফা সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেউলিয়া ঘোষণার আবেদন করে মামলাগুলো একসঙ্গে নিষ্পত্তির চেষ্টা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের আদালত সেই আবেদনগুলো খারিজ করে দেয়। সর্বশেষ কোম্পানিটি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রায় ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাব দেয়, যা বিপুলসংখ্যক মামলার নিষ্পত্তিতে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে জনসন অ্যান্ড জনসন বিশ্বব্যাপী ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে এবং এর পরিবর্তে কর্নস্টার্চভিত্তিক বেবি পাউডার বাজারজাত শুরু করে।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের করপোরেট ইতিহাসে ভোক্তাসংশ্লিষ্ট অন্যতম বৃহৎ ক্ষতিপূরণ চুক্তি হিসেবে বিবেচিত হবে। তবে সমঝোতা কার্যকর হতে আদালতের অনুমোদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি রয়েছে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত