নয়াদিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সমর্থন বা অনুমোদন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে ওই মঞ্চ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোও ভারত অনুমোদন করে না।
এর আগে নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব-সাউথ এশিয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার আগেই ভারতের কাছে আপত্তি জানিয়েছিল।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ভারত জানিয়েছিল, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে হয়েছে এবং এতে সরকারের কোনো ভূমিকা ছিল না।
শুক্রবারের ব্রিফিংয়ে জয়সোয়াল আবারও ভারতের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, অনুষ্ঠানটি বেসরকারি উদ্যোগে আয়োজিত হওয়ায় এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে দেওয়া বক্তব্যের কোনো অংশই ভারত সমর্থন বা অনুমোদন করে না।
এ সময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর ভারত নিয়মিত নজর রাখে। দেশের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ভারত যথাযথ পদক্ষেপ নেয়।
শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন করে যে কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে, শুক্রবারের ব্রিফিংয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার মধ্য দিয়ে সেই বিতর্কে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিও সামনে এলো।
ইতি/
