, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে আল-হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে হোটেলটির রান্নাঘরের বিভিন্ন স্থানে তেলাপোকার উপস্থিতি, স্টোররুমে বিড়ালের চলাচল, খোলা অবস্থায় ডাস্টবিন রাখা এবং ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা হয়নি।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত