ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের সেবা কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, বর্ধিত রুটে ট্রেন চালুর প্রস্তুতি চলছে।
নতুন সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন ভোর ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। এরপর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর নির্ধারিত সময় রয়েছে।
যাত্রাপথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। ফলে এসব এলাকার যাত্রীদের কক্সবাজার যেতে আর ট্রেন পরিবর্তনের প্রয়োজন হবে না।
মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণিতে ভ্রমণের সুবিধা থাকবে। তবে নতুন সূচি কার্যকর হলে চট্টগ্রামের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বন্ধ হয়ে যাবে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
ইতি/
