, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

সোনাক্ষী–জহিরের প্রেমে প্রথম সাক্ষী ছিলেন সালমান!

নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবালের প্রেমের সম্পর্ক একসময় ছিল বলিউডের অন্যতম আলোচিত গুঞ্জন। তবে সম্পর্কের শুরুতে দুজনই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করতেন। কিন্তু তাদের সেই গোপন প্রেমের খবর অনেক আগেই টের পেয়ে গিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির জনপ্রিয় টক শো ডাবল ডেট-এ অতিথি হয়ে নিজেদের প্রেমের গল্প শোনান সোনাক্ষী ও জহির। সেখানেই তারা জানান, সম্পর্কের বিষয়টি যতই লুকানোর চেষ্টা করুন না কেন, সালমান খান শুরু থেকেই সব বুঝে গিয়েছিলেন।

সোনাক্ষী জানান, তারা প্রকাশ্যে কখনোই প্রেমের কথা স্বীকার করতেন না। কেউ প্রশ্ন করলে দুজনই বলতেন, তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। কিন্তু সালমান খান তাদের কথায় একবারও বিশ্বাস করেননি। বরং তাদের আচরণ, একে অপরের প্রতি যত্ন ও বোঝাপড়া দেখে তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।

জহির ইকবালও একই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, একবার একটি ট্রেকিং সফরে সালমান খান তাকে আলাদা করে ডেকে মজার ছলে এমন কিছু কথা বলেন, যাতে তিনি বুঝে যান—তাদের প্রেমের বিষয়টি সালমানের অজানা নয়। এরপর থেকেই তারা উপলব্ধি করেন, সম্পর্ক আর খুব বেশি দিন গোপন রাখা সম্ভব হবে না।

সোনাক্ষীর ভাষ্য অনুযায়ী, একসময় সালমান খান হাস্যরসের সুরে বলেছিলেন, একদিন তোমাদের ব্রেকআপ হবে। তখন দুজনেই আমার কাছে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে। কিন্তু আমি কারও পক্ষ নেব না। সালমানের এই মন্তব্য শুনে তারা দুজনই হেসে ফেলেছিলেন। পরে অবশ্য সময় প্রমাণ করেছে, তার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২৪ সালের ২৩ জুন বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জহির ইকবালের বলিউডে অভিষেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালমান খানের। অন্যদিকে, সালমানের বিপরীতে অভিনীত দাবাং সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সোনাক্ষী সিনহার। সেই সূত্রেই সালমানের সঙ্গে দুজনেরই দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাই তাদের প্রেমের খবর সবার আগে বুঝে ফেলেছিলেন বলিউডের এই সুপারস্টার।

  • সর্বশেষ
  • পঠিত