, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

গ্যাস-বিদ্যুৎ সংকটের পূর্ণ সমাধানে আরও দুই বছর

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান গ্যাসবিদ্যুৎ সংকট দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হতে পারে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা ছাড়া অর্থনীতির গতি ধরে রাখা কঠিন। তবে সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্বল্প সময়ের মধ্যে সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়।

তিনি জানান, জ্বালানি সরবরাহ বাড়াতে নতুন করে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লাভিত্তিক জ্বালানির সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা ও প্রয়োজনীয় সরবরাহের পরিমাণ নির্ধারণ করে একটি জ্বালানি নীতি প্রণয়নের কাজ চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীতিটি প্রকাশ করা হতে পারে।

আমির খসরু বলেন, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনেও প্রায় দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন হতে পারে। এ কারণে অবকাঠামো ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর আগে জ্বালানি সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা কঠিন হবে। তিনি আগামী দুই বছর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

রাজস্ব ও করব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ

রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে করের আওতা বাড়ানোর পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর আরোপের বিষয়েও কাজ চলছে।

তিনি জানান, ছোট ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য একটি তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে মূলধন সংকট

দেশের ব্যাংক খাতেও বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য, ব্যাংকগুলোতে যে পরিমাণ মূলধন ঘাটতি তৈরি হয়েছে, তা শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে পূরণ করা কঠিন। খেলাপি ঋণের উচ্চহার পরিস্থিতিকে আরও জটিল করেছে।

এ অবস্থায় ব্যাংকনির্ভরতার পাশাপাশি অর্থায়নের বিকল্প উৎস তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।

শেয়ারবাজারে আরও কোম্পানি তালিকাভুক্তির তাগিদ

শেয়ারবাজার প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজার পরিস্থিতি নিয়ে সরকার আগে থেকেই সতর্ক ছিল এবং সে অনুযায়ী কিছু পরিবর্তন আনা হয়েছে। দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর করতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে ব্যবসায়ী প্রতিনিধিরা বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। তিনি বলেন, ব্যবসায়ীদের শুধু সমস্যাগুলো চিহ্নিত করাই নয়, বরং সেগুলোর সমাধানে অংশীদার হওয়ার লক্ষ্যেই এমন আয়োজন করা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত