দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন ২৫৫ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। পরবর্তী নির্বাচনগুলোতে একাধিক প্রার্থী না থাকায় সংসদ সদস্যদের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। ফলে এবারের নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ফল ঘোষণার পর সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা। এ সময় মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলসংক্রান্ত গেজেট দ্রুত প্রকাশ করা হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতিও চলছে।
ইতি/
