চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়াহিদ নামে তার এক সহযোগীও আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদ পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রস্তুত করা ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকায় তার নাম ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বন্ধু ওয়াহিদ। তারা ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ছয় থেকে সাতজন ব্যক্তি সড়কে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলটির পথরোধ করে।
পরে জাহেদকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে জাহেদ ও ওয়াহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াহিদ চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত।
পুলিশের তথ্য অনুযায়ী, জাহেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িত কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতি/
