, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, এ সময়ে কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় টেকনাফে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত