, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

সেন্টমার্টিন উপকূলে মানবপাচারের শিকার ৬৫ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে গভীর সমুদ্রে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই বোট থেকে মানবপাচার চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সেন্টমার্টিনের লাইটহাউস থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। বোটটির কাছে গিয়ে কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বোটটিতে পানি ঢুকতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে বোটে থাকা মোট ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৬৫ জনকে মানবপাচারের শিকার এবং ১১ জনকে পাচার চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে যাওয়া হচ্ছিল।

নৌবাহিনী আরও জানায়, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প বিকল হয়ে যাওয়ায় ভেতরে পানি ঢুকে পড়েছিল। এতে বোটে থাকা ব্যক্তিদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সময়মতো অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

আটক ১১ জন এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত