, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

জীবন দিয়েও বন্দর বিদেশিদের হাতে যেতে দেবেন না শ্রমিক নেতারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের পরিচালনায় দেওয়ার উদ্যোগের বিরোধিতা করেছেন বন্দর শ্রমিক নেতারা। এ সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলোনি এলাকায় বন্দর শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নেতারা।

সমাবেশে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া এবং সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) অন্য অপারেটরের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানানো হয়।

বন্দর শ্রমিক দলের নেতা নুরুল আজিম বলেন, বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। প্রয়োজনে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত রয়েছেন বলে ঘোষণা দেন তিনি। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, এনসিটি ও অন্যান্য টার্মিনাল ইজারা বা কনসেশনের মাধ্যমে পরিচালনার উদ্যোগ পুনর্বিবেচনা করতে হবে। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সাড়া না পেলে আন্দোলন আরও জোরদার করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ৫ অক্টোবর চট্টগ্রাম কাস্টমসের সামনে অবস্থান এবং ৭ অক্টোবর মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

সমাবেশে পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, বন্দর পরিচালনা নিয়ে যেকোনো সিদ্ধান্তের প্রভাব শুধু শ্রমিকদের কর্মসংস্থানে সীমাবদ্ধ থাকবে না; দেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।

বন্দর পরিচালনার ভবিষ্যৎ কাঠামো নিয়ে সরকারের সিদ্ধান্ত এবং শ্রমিকদের আপত্তির মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত