, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 58%

ল্যাপটপ চুরির ঘটনায় হতাশ জার্মান পর্যটক

নিজস্ব প্রতিবেদক

জার্মান পর্যটক ক্রিল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনায় এখনো মেলেনি চোরের সন্ধান। হারানো জিনিসপত্র উদ্ধার না হওয়ায় হতাশ তিনি। তবে সিসিটিভি ফুটেজ ও ল্যাপটপের লোকেশন শনাক্তের সূত্র ধরে চোরকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি ঘটে নাটোর রেলওয়ে স্টেশনে। বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে শান্তাহার থেকে ট্রেনে করে দর্শনার উদ্দেশে রওনা হয়েছিলেন ক্রিল্যান্ডার। তবে ভুল করে নেমে পড়েন নাটোর স্টেশনে। সেখানে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান তিনি। পরে ফিরে এসে ব্যাগসহ ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। ক্রিল্যান্ডারের আইফোনের সঙ্গে ম্যাকবুক যুক্ত থাকায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। সেই সূত্র ধরে রাজশাহীর নিউমার্কেট ও মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়। তবে রাতের অভিযানে কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার সকালে ল্যাপটপটির অবস্থান আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে দেখা গেলেও পরে ডিভাইসটির লোকেশন বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোর ট্রেনে করে সেখানে গিয়েছিল।

ক্রিল্যান্ডার আশা করছেন, সিসিটিভি ফুটেজ দেখে বাংলাদেশের মানুষ চোরকে শনাক্ত করতে সহযোগিতা করবেন। হারানো জিনিসপত্র ফিরে পেলে তিনি আনন্দিত হবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের মানুষ ও পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত