দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সরকারের কার্যক্রম অব্যাহত থাকলেও ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের হামলার শিকার হওয়ার ঘটনা নতুন নয়। অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কোনো ব্যক্তি আসামিকে সহযোগিতা করলে এবং এ বিষয়ে তথ্য পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার অপরাধ দমনে বিভাগীয় পর্যায়ে ল্যাব স্থাপনের উদ্যোগ
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্ত ও প্রতিরোধে দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সরকারের কাছেও আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ তদন্তে ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, অপরাধ তদন্তে প্রয়োজনীয় আলামত বিশ্লেষণ ও বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের সুযোগ বাড়লে বিচারিক কার্যক্রমে সহায়তা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরা
চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।
ইতি/
