যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা কিংবা বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ার মতো সংকট মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত থাকতে বলছে বিভিন্ন দেশ। তবে এসব নির্দেশনা কোনো নির্দিষ্ট দিনে মহাপ্রলয় বা অজানা বিপর্যয় ঘটার পূর্বাভাস নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে জরুরি পরিস্থিতির প্রথম ৭২ ঘণ্টার জন্য খাবার, পানি, ওষুধ, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মানিতে দীর্ঘস্থায়ী সংকটের জন্য প্রায় ১০ দিনের প্রয়োজনীয় সামগ্রী রাখার নির্দেশনা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রত্যেক ব্যক্তির জন্য প্রতিদিন প্রায় ৩ দশমিক ৮ লিটার পানি মজুদের পরামর্শ দেওয়া হয়।
নর্ডিক দেশগুলোর প্রস্তুতিও জোরদার হয়েছে। ফিনল্যান্ডে অন্তত তিন দিনের, আর সুইডেন ও নরওয়েতে এক সপ্তাহের মতো জরুরি সামগ্রী রাখার পরামর্শ রয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন কর্তৃপক্ষ সাধারণত তিন থেকে সাত দিনের প্রস্তুতির কথা বলছে; নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগে রয়েছে দুই সপ্তাহের পরিকল্পনার নির্দেশনা।
ইউরোপীয় ইউনিয়নও ২০২৫ সালে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টার জরুরি সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখার আহ্বান জানায়। এসব উদ্যোগের লক্ষ্য—সংকটের সময় উদ্ধার ও সহায়তা পৌঁছানোর আগ পর্যন্ত মানুষ যেন নিজের মৌলিক প্রয়োজন মেটাতে পারেন।
তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা নয়; বরং সরকারি নির্দেশনা অনুসরণ, প্রয়োজনীয় সামগ্রী পরিকল্পিতভাবে রাখা এবং গুজব থেকে দূরে থাকাই জরুরি।
ইতি/
