ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। ঘোষিত মূল্য একই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন মূল্য অনুযায়ী, আগে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এখন থেকে গ্রাহকদের একই সিলিন্ডার কিনতে গুনতে হবে ২ হাজার ৬০ টাকা।
এর আগে, গত ২৯ অক্টোবর এলপিজির মূল্য পুনর্নির্ধারণ নিয়ে কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তে প্রতি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
দফায় দফায় এলপিজির মূল্যবৃদ্ধিতে নতুন করে বাড়তি ব্যয়ের মুখে পড়তে যাচ্ছেন রান্নার কাজে সিলিন্ডারনির্ভর সাধারণ ভোক্তারা।
ইতি /
