, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করা হয়েছে।

১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা সংশোধনীতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনেও লেখা যাবে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের কাঠামো বিবেচনায় সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বরের বিন্যাস নির্ধারণ করতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রয়োজনে নম্বরপ্লেটের ফাঁকা জায়গা ও হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি।

নম্বরপ্লেটের দৃশ্যমানতা বাড়াতে রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশায় ভিন্নতা থাকায় প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপনে যে জটিলতা তৈরি হচ্ছিল, তা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। তবে মোটরসাইকেলভেদে নম্বরপ্লেটের নির্দিষ্ট আকার ও বিন্যাস সম্পর্কে বিআরটিএর পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

গুরুত্বপূর্ণ সংশোধন: প্রজ্ঞাপনে নম্বরপ্লেটের নিয়মে পরিবর্তনের কথা বলা হয়েছে, তবে সামনে নম্বরপ্লেট স্থাপনের বাধ্যবাধকতা বাতিল করা হয়নি। সরকারি গেজেট ও বাসসের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত