, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, তিনজন শিশু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে সীতাকুণ্ডের দুই বছর পাঁচ মাস বয়সী এক শিশু এবং ৪২ ও ৫১ বছর বয়সী দুই নারী রয়েছেন। দুই নারীর একজন সীতাকুণ্ড এবং অন্যজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স চার মাস। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। অপর শিশুটির বয়স সাড়ে পাঁচ বছর। সে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরে ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১৫ জন। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও তিন শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৩।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তিও অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত