চট্টগ্রাম নগরের প্রতিটি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে বিশেষ ক্যাচআপ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করতে বাড়ি বাড়ি অনুসন্ধান চালানো এবং তাদের তালিকা তৈরি করে বিশেষ টিকাদান সেশনের ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নগরের এনায়েত বাজারের তুলাতলিতে চসিকের বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা না পেলে শিশুরা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা ও ভাসমান জনগোষ্ঠীর মধ্যে টিকাদান কার্যক্রম বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। কোনো শিশুই যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
চসিক প্রশাসক জানান, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়।
তিনি আরও জানান, গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এ কর্মসূচিতে ইতোমধ্যে ৪০ হাজার ১৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত ও বিশেষ কর্মসূচি মিলিয়ে নগরে এ পর্যন্ত মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
টিকাদান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করতে বাড়ি বাড়ি অনুসন্ধান চলছে। পাশাপাশি হালনাগাদ তালিকা তৈরি করে অতিরিক্ত ও বিশেষ টিকাদান সেশনের ব্যবস্থা করা হয়েছে। চসিকের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্যাচআপ কর্মসূচির আওতায় নির্ধারিত নিয়মিত টিকার ডোজ গ্রহণ করা শিশুরাও বিশেষ ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজ পেতে পারে বলে জানান তিনি। তবে আগে নেওয়া ডোজের সঙ্গে ক্যাম্পেইনের ডোজের ন্যূনতম ২৮ দিনের ব্যবধান বজায় রাখার বিষয়টি অভিভাবকদের জানাতে হবে।
অভিভাবকদের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদানের বিকল্প নেই। নিজের সন্তানের টিকা নিশ্চিত করার পাশাপাশি আশপাশে কোনো শিশু টিকা না পেয়ে থাকলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।
ইতি/
