সিরাতুন্নবী সা. মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেন, রাসূলুল্লাহ সা. আমাদের নবি, রাসূল, নেতা ও আদর্শ। রাসূলুল্লাহ সা.-এর আদর্শ অনুসরণের অঙ্গীকার আমাদের সকল মুমিনেরই আছে। কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক তৎপরতায় অনেক সময় সেই অঙ্গীকার শিথিল হয়ে যায়। এই শিথিলতা দূর করে রাসূলুল্লাহ সা.-এর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে।
ধর্মীয় দায়িত্ব পালনে যেমন আমরা নবিজিকে অনুসরণ করি, একইভাবে আমাদের ব্যবসা-বাণিজ্যে, শ্রমিকদের সাথে আচরণে, পারিবারিক জীবনেও নবিজিকে অনুসরণ করতে হবে। সুবিচার, সাম্য ও শ্রমিকবান্ধব সমাজ পরিগঠনে রাসূল সা.-এর আদর্শ অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় বাংলাদেশকে একটি ইনসাফের বাংলাদেশে রূপান্তরিত করতে রাসূলুল্লাহ সা.-এর রাষ্ট্র পরিচালনা নীতি থেকে আমাদের প্রেরণা নিতে হবে।
রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি শহিদুল হাসানের সভাপতিত্বে এবং ইউনিয়নের সেক্রেটারী সেলিম রেজা ও মুহাম্মদ বেলালের যৌথ সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ওয়ায়েজ হযরত মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার। বিশেষ আলোচক হিসেবে ছিলেন বর্ষীয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা হারুনর রশিদ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া,কোতোয়ালী থানার সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, কোতোয়ালী থানার উপদেষ্টা মোস্তাক আহমদ, মাঈন উদ্দিন , তামাকুমন্ডি লেই বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, উপদেষ্টা জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর প্রমুখ।
ওয়ায়েজবৃন্দ বলেন, রাসূলুল্লাহ সা.-এর আদর্শ অনুসরণেই রয়েছে মানবতার মুক্তি। রাসূলুল্লাহ সা. এমন একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ধনী-গরীব, শ্রমিক-মালিক, নারী-পুরুষ সকলের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে সমাজে ও রাষ্ট্রে কারও অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য কারও অধিকার খর্ব করা হয়নি।
রাসূলুল্লাহ সা.-এর সেই সামাজিক ও রাজনৈতিক মডেল অনুসরণ করে আমরা একটি সুন্দর রাষ্ট্র ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। তবে সবচেয়ে বড়ো কথা হলো, সমাজ ও রাষ্ট্র মানুষ নিয়েই গঠিত। তাই একটি কার্যকর, টেকসই ও ইতিবাচক পরিবর্তনের জন্য সর্বপ্রথম মানুষ গড়ার কাজকে অগ্রাধিকার দিতে হবে। মানুষের হৃদয়ে রাসূলুল্লাহ সা.-এর আদর্শের বীজ বপন করতে হবে।
দেশের সকল মানুষকে সৎ, খোদাভীরু ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।মাহফিলে কুরআন তিলাওয়াত করেন মাওলানা শাহাদাত হোসেন ও হাফেজ এহসানুল হক।ইসলামী সংগীত পরিবেশন করেন পারাবার শিল্পীগোষ্ঠী।