, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে এ জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট পাওয়া যায়। পাশাপাশি নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ মেলে। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির কয়েকটি কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রাখার অভিযোগও ওঠে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প এবং পোড়া তেল ব্যবহারের তথ্য পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট এবং অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণের বিষয়টি শনাক্ত হয়। একই সঙ্গে যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যপণ্য বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি প্রয়োজনীয় নিবন্ধন না থাকার অভিযোগ পাওয়া যায়। এ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। খাদ্যের গুণগত মান, উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত